এবার প্রযুক্তিনির্ভর মিররলেসে ঝুঁকছে ক্যানন
ফটোগ্রাফি শিল্পকে ফিল্ম ক্যামেরা থেকে ডিজিটাল প্রযুক্তির দিকে এগিয়ে নিতে ‘ডিজিটাল সিঙ্গল লেন্স রিফ্লেক্স’ (ডিএসএলআর) ছেড়ে মিররলেস ক্যামেরার দিকে ঝুঁকেছে চিত্রধারণ ও অপটিক্যাল বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণনের জন্য বিশ্বজুড়ে পরিচিত জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান ক্যানন ইনকর্পোরেটেড।
জাপানের দৈনিক ‘ইওমিউরি শিমবুন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন ক্যানন প্রধান ফুজিও মিতারাই। জানিয়েছেন ইওএস-১ডি এক্স মার্ক ৩ হবে ক্যাননের শেষ ‘টপ-এন্ড’ ডিএসএলআর ক্যামেরা। অন্তত আমাদের মতো যারা আরো উন্নত মানের ছবি এবং লেন্সের বেলায় স্মার্টফোনের চেয়ে বেশি সুবিধা চান, (তাদের জন্য) মিররলেস ক্যামেরাই ভবিষ্যৎ।
সনি’র পর ক্যাননের পদক্ষেপ অপ্রত্যাশিত না হলেও, ক্যামেরা প্রযুক্তির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
মিররলেস প্রযুক্তিতে সরাসরি সেন্সরের উপর পড়ে আলো। আর ছবি তুলতে হয় ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার বা অথবা ক্যামেরার পেছনে থাকা ডিসপ্লেতে দেখে।
ফিল্ম ক্যামেরা যুগে ক্যামেরা উৎপাদনে জাপানি বনেদি প্রতিষ্ঠান ক্যানন নিজেদের অবস্থান শক্ত করেছিল ইওএস লাইনের সিঙ্গল-লেন্স রিফ্লেক্স (এসএলআর) ক্যামেরা দিয়ে। ছবি তোলার সময় আলোর প্রতিফলন ঘটিয়ে ভিউফাইন্ডারে পাঠায় ‘রিফ্লেক্স’ মিররগুলো। ফিল্ম ক্যামেরার বেলায় মিররগুলো সরে গিয়ে আলো ফিল্মে পড়ার জায়গা করে দিত। একই প্রক্রিয়ায় কাজ করে ডিএসএলআর ক্যামেরা। পার্থক্য একটাই, ফিল্মের জায়গায় থাকে ইমেজ সেন্সর।